৩৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ডুব’

0

বিনোদন জগৎ,সিটিনিউজ :: মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালিত আলোচিত সিনেমা ‘ডুব’। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকাসহ দেশের মোট ৩৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এ খবর জানিয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর ৯টি হল এবং রাজধানীর বাইরের ৩০ হল।

ছবির মান রক্ষায় কম হলে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন।

আলিমুল্লাহ খোকন বলেন, ‘আমরা ৩৯টি সিনেমা হলে মুক্তি দিচ্ছি। আমাদের লিস্টে ছিল ৩০টি সিনেমা হল, কিন্তু সিনেমা হল মালিকদের চাপে আরো ৯টি হলে মুক্তি দিতে হলো।’

আরো বেশি সিনেমা হলে কেন ছবিটি মুক্তি দেওয়া হলো না—সে প্রসঙ্গে খোকন বলেন, ‘আমাদের দেশে মানসম্পন্ন সিনেমা হলের সংখ্যা কম। যে কারণে আসলে এত অল্প সিনেমা হলে ছবিটি মুক্তি দিতে হচ্ছে। এখন যাঁরা সিনেমা হলে এসে ছবি দেখেন, তাঁরা একটু শৌখিন দর্শক। এখন সবাই সুন্দর পরিবেশে ছবিটি দেখতে চান। আর আমাদের এই ছবির যাঁরা দর্শক, তাঁরা অবশ্যই ভালো পরিবেশ আশা করেন। আর আমরা পরীক্ষা করে দেখেছি যে সিনেমা হলের পরিবেশ ভালো সেখানে দর্শক আসেন এবং সিনেমার টাকা উঠে আসে। আমরা এমন হলে মুক্তি দিতে চাই না, যেখান থেকে টাকা আসে না।’

সিনেমা হলের পরিবেশ ঠিক করার অনুরোধ করে খোকন বলেন, ‘আমরা চাই দেশের সিনেমা হলের পরিবেশ ঠিক হোক। আমরা এত টাকা দিয়ে ছবি নির্মাণ করি আর চালানোর জন্য উপযুক্ত সিনেমা হল পাই না। যদি দেশের সিনেমা হলের পরিবেশ ভালো হয়, তাহলে এমন বাজেটের ছবি আমরা আরো নির্মাণ করার সাহস পাব।’

শুক্রবার ঢাকার ব্লক বাস্টার সিনেমা, বলাকা, মধুমিতা, স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা সনি, চিত্রমহল, সেনা ও দিয়া বাড়ির ফ্যান্টাসি সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি।

অন্যদিকে ঢাকার বাইরের সিনেমা হলগুলো হচ্ছে – সাভার সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, টঙ্গীর চম্পাকলি, জয়দেবপুরের বর্ষা, ডেমরার রানীমহল, যশোরের মনিহার, চট্টগ্রামের আলমাস, খুলনার শঙ্খ ও চিত্রালী, বরিশালের অভিরুচী, ময়মনসিংহের ছায়াবানী, সিলেটের নন্দীতা, রংপুরের শাপলা, পাবনার রূপকথা, মুক্তারপুরের পান্না, বগুড়ার সোনিয়া, দিনাজপুরের মডার্ণ, সিরাজগঞ্জের মমতাজ, জামালপুরের মনোয়ার, কুষ্টিয়ার বনানী, টাঙ্গাইলের কেয়া, নেত্রকোনার হিরামন, কিশোরগঞ্জের মানষী, ফরিদপুরের বনলতা, ঝিনাইদহের প্রিয়া, নীলফামারীর মমতাজমহল মধুপুরের কল্লোল, কালিগঞ্জের ছন্দা, কুমিল্লা ক্যান্টমেন্টের গ্যারিশন ও ঈশ্বরদীর রাজু।

এ ছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার কয়েকটি হলেও মুক্তি পাচ্ছে ‘ডুব’।

‘ডুব’ ছবির বিভ্ন্নি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, টলিউডের পার্নো মিত্র, বলিউডের ইরফান খান প্রমুখ। ছবিটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও যৌথভাবে প্রযোজনা করছে ভারতে এস কে মুভিজ। এ ছাড়া ছবির সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।

আজ বৃহস্পতিবার  (২৬ অক্টোবর) ছবিটির প্রিমিয়ার হয় কলকাতায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.