আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় এক টিভি স্টেশনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার জানায়, সন্ত্রাসীরা টিভি স্টেশনের ভেতরে ঢুকে বহু মানুষকে হত্যা করেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় শামসাদ টিভি স্টেশনের মূল ভবনে প্রবেশের সময় হামলাকারীরা গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এরপর টিভি স্টেশনে প্রবেশ করে তারা এলোপাথাড়ি গুলি ছোঁড়ে।
ভবনটি থেকে কৌশলে পালিয়ে আসা টেলিভিশন চ্যানেলটির এক প্রতিবেদক দাবি করেছেন, ভেতরে এখনও সন্ত্রাসীরা রয়েছে। বাইরে থেকেও স্টেশনটির ভেতর থেকে গুলির শব্দ শুনতে পাওয়া গেছে।
এদিকে, হামলার পরপরই টেলিভিশন স্টেশনটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলার সময় তাদের গুলিতে ১ জন সন্ত্রাসী প্রাণ হারায়। তবে বাকিরা এখনও ভেতরে অবস্থান করছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, হামলার সময় টেলিভিশন স্টেশনটিতে শতাধিক কর্মী ছিল।
