সিটিনিউজ ডেস্ক:: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের নারী এমপি ইমিলিয়া মনজোয়া লিফানকা। তিনি ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুক আইল্যান্ডের নারী এমপি নিক্কি র্যাটেল পেয়েছেন ৭০ ভোট। আর দ্বীপ রাষ্ট্র মনসেরাটের এমএলএ শিরলি এম ওসবর্ন পেয়েছেন ১৫ ভোট।
এবারের নির্বাচনে ২১২টি ভোট ছিল। এরমধ্যে ১৯২ জন ভোট দেন। এতে বাংলাদেশের পক্ষে ভোট রয়েছে ৬টি।
বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি হিসেবে ২০১৪ সালের ৮ অক্টোবর সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী পান ৬৭ ভোট। ৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন পদে নির্বাচিত হন তিনি।
১৯১১ সালে সিপিএ’র যাত্রা শুরু হয়। বাংলাদেশ সিপিএ’র সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে। ১ নভেম্বর ঢাকায় শুরু হয়েছে ৬৩তম সিপিএ সম্মেলন।
