ফিসারিঘাটে ৪ ব্যবসায়ীকে জরিমানা

0

সিটিনিউজ ডেস্ক: চট্টগ্রামের ফিসারিঘাটে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত। সোমবার (২০ নভেম্বর) সকাল ৭টায় পরিচালিত অভিযানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ জরিমানা করেন।

চলাচলের রাস্তার উপর মাছ রাখার অপরাধে নুর আলম ও গিয়াস উদ্দিনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা এবং জিকু মল্লিক ও মিজানুর রহমানকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দোকানের সামনে নালার উপর দোকান সম্প্রসারণের অপরাধে ব্যবসায়ী সুধাংশু দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কোতোয়ালি থানা পুলিশের ৩০-৩৫ জনের একটি টিম ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

অভিযান শেষে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাস্তার উপর বাজার বসানো এবং নালার উপরে রাস্তার জায়গা দখল করে সম্প্রসারণ করার অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। আগামীকাল মঙ্গলবার থেকে পুরাতন বাজার এবং সড়কে কোন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান না বসানোর জন্য স্থানীয় সকল ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয়েছে।

এদিকে ম্যাজিস্ট্রেট অভিযান শেষে ক্ষোভ প্রকাশ করেছে সোনালী যান্ত্রিক মৎস্য ব্যবসায়ী সমিতির নেতারা। সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক জানে আলম ক্ষোভ প্রকাশ করে জানান, দুইশত বছরের পুরাতন এই মৎস্য বিপণন কেন্দ্রে আনুমানিক পঞ্চাশ হাজার লোক জীবিকার সাথে জড়িত। ইদানিং কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান মৎস বাজারকে নতুন ব্রিজের কাছে স্থানান্তরিত করতে অপচেষ্টায় লিপ্ত আছে। এই পুরাতন ঘাটকে কিছু ভূমিদস্যু বিনোদন কেন্দ্র করতে চায়। মৎস্য বিপণন কেন্দ্রটি বন্ধ হলে এলাকার খেটে খাওয়া মানুষ বেকার হয়ে পড়বে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.