সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রবিবার তীব্র যানজটের কবলে ছিল হাজার হাজার মানুষ। প্রধান মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যান চলাচলের উপর কড়া নজরদারীর অংশ হিসেবে দুপুর ১ টার পর থেকে নগরীতে সকল প্রকার যান চলাচল সীমিত হয়ে পড়ে।
২৪ ডিসেম্বর রবিবার সকালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নেভাল একাডেমীতে কুচকাওয়াজ আওয়াজে অংশ নিয়ে বিকালে নগরীর চশমাহিল মরহুম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান। প্রধানমন্ত্রীর নগরীতে আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যানজট চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়। বিকালের দিকে নগরীর গাড়ি প্রবেশে খুবি সীমিত হয়ে আসে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫ কিলোমিটার ছাড়িয়ে যায়।
একে খান মোড় থেকে সীতাকুণ্ডের কুমিরা পর্যন্ত দীর্ঘ এ যানজট হয়। এতে হাজার হাজার বিভিন্ন প্রকার যানবাহন আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা। এতে হাজার হাজার যাত্রী চরম দূর্ভোগের সম্মুখিন হয়। সন্ধ্যা সাড়ে ৬ টার পর যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
