বিনোদন জগৎ,সিটিনিউজ :: এবার নতুন বছরে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ। আগেই জানিয়েছিলেন ২০১৮ সালের ডিসেম্বরে নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন। বছরের প্রথম দিনেই ‘জিরো’ নামের ছবিটির টিজার প্রকাশ করেছেন। আনন্দ এল রাই পরিচালিত ছবিটির টিজার দেখে সবাই বেশ চমকে গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ‘জিরো’ ছবিতে শাহরুখ খানের অন্যরূপ। খাটো, চেহারাতেও আছে ভিন্নতা। কিং খানের এমন লুক আলোচনা তৈরি করেছে বলিউড পাড়ায়। ৫২ বছর বয়সী এই সুপারস্টার ‘জিরো’ ছবিতে অভিনয় করছেন বামন চরিত্রে। ১ মিনিটের টিজারে শাহরুখের পাগলামো নাচ দর্শককে বেশ আনন্দ দিয়েছে। এতেই বোঝা যাচ্ছে এ বছরের আলোচিত ছবির একটি হতে যাচ্ছে ‘জিরো’।
ছবিটিতে আরো অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারের আনন্দ এল রায় পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ২১ ডিসেম্বর।
