নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকা মুখ্য। তিনি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশপ্রেম যাদের মধ্যে থাকবে তারা কোন দিন অনৈতিক, অসুন্দর ও রুচিহীন কর্মকান্ডে জড়াতে পারে না। মেয়র বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার আলোকিত মানুষ গড়ার জন্য সর্বোচ্চ সহায়তা দিয়ে যাচ্ছেন।
শিক্ষা সহায়ক উপ বৃত্তি, টিফিন, বিনামূল্যে বই বিতরণ ছাড়াও শিক্ষা খাতে বিপুল পরিমান রাজস্ব ব্যয় করে যাচ্ছেন। এ ধরনের সহযোগিতা অতীতে কোন সরকার দেয়নি। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার আহবান জানান মেয়র।
২০ জানুয়ারি ২০১৮ খ্রি. শনিবার, দুপুরে এম এম আলী রোডস্থ রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে আল হাদী ফাউন্ডেশনের সহযোগিতায় শহীদ মহিম ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মেয়র এ আহ্বান জানান।
নগরীর গরীব ও মেধাবী প্রায় ৬ শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন রিহাব চট্টগ্রাম রিজিউনের কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, বাওয়া স্কুল পরিচালনা কমিটির সদস্য মিসেস ওমমে হাবিবা।
অন্যদের মধ্যে আলোচনা করেন আল হাদী ফাউন্ডেশনের সভাপতি মো. মহিউদ্দিন, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান বাচ্চু, শাহজাহান রতন, সম্পাদক মন্ডলীর সদস্য কামরুল হাসান ছোট্ট, আমিনুল ইসলাম আমিন, সওকতুল সোহেল, যুব নেতা এস এম সিরাজ ও মো. কফিল উদ্দিন। আলোচনা সভা শেষে মেয়র শিক্ষার্থীদের খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী তুলে দেন।
