বিএনপি মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড আগেও বাজিয়েছে এখনও বাজাচ্ছেঃ কাদের
সিটি নিউজ ডেস্কঃঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতা মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড আগেও বাজিয়েছে এখনও বাজাচ্ছে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবালের ওপর হামলায় আওয়ামী লীগের হাত আছে- মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষ এটা কখনোই বিশ্বাস করবে না। এ বক্তব্যে বরং বিএনপির ভোট আরও কমবে।
আজ মঙ্গলবার (৬ মার্চ ) বিকেল ৩টায় বনানী সেতু ভবনে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এটা মিথ্যাচারের ভাঙা রেকর্ড। বিএনপি মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড আগেও বাজিয়েছে এখনও বাজাচ্ছে। বিএনপি এসবই বলবে। ভারতে সম্ভাব্য সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের সবচেয়ে ভালো সময় যাচ্ছে। আগে সন্দেহ ছিল। সেই দেয়াল ভেঙে গেছে। শুধু সরকারি লেভেলে নয়, পার্টি টু পার্টি পর্যায়ে সম্পর্ক উন্নয়নের জন্য ভারতে আসন্ন সফর করবে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পাঁচদিনের সফরে শিগগিরই ভারত যাচ্ছে। দিল্লিতে সোলারের ওপর একটি সামিট থাকায় সফরের তারিখে কিছুটা পরিবর্তন হতে পারে, নাও হতে পারে।
এটা পার্টি টু পার্টি আমন্ত্রণ। বিজেপির জেনারেল সেক্রেটারি আমন্ত্রণ করেছেন। তাদের অনেকের সঙ্গে সরকারিভাবে আবার পার্টিগতভাবে সাক্ষাৎ হবে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ ঊর্ধ্বতনদের সঙ্গে দেখা হবে।
