ছাদেকুর রহমান সবুজ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে একটি শিল্প কারখানায় বিদ্যুৎ সংযোগ দিতে উপজেলার দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে দূর্ভোগে পড়েন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির ৬০হাজার গ্রাহক। দিনভর বিদ্যুৎ বিহীন থাকায় জনভোগান্তি চরমে পৌঁছে।
শনিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। গত এক মাস ধরে সপ্তাহের শুক্রবার ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিলো।
জানা গেছে, বোয়ালখালী উপজেলার গোমদ-ী ফুলতল এলাকায় গড়ে ওঠা এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় ৩৩ হাজার ভোল্টের নতুন বিদ্যুৎ লাইন সংযোগের কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতি-১। বোয়ালখালীর সাব-স্টেশন থেকে এ সংযোগ দেয়া হচ্ছে। তাই সপ্তাহের বন্ধের দিন এ লাইনের খুঁটিসহ যাবতীয় কাজ করার জন্য উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
সংযোগ লাইনের কাজে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কারখানার ভেতরের কাজ গত সপ্তাহে শেষ হয়েছে। বর্তমানে বাইরে কাজ চলছে। শিকলবাহা সাব-স্টেশন থেকে আসা ৩৩হাজার ভোল্টের এ বিদ্যুৎ লাইনের কাজ শেষ পর্যায়ে। তবে পুরোনো তার পরিবর্তনের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল অফিসের ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে প্রধান লাইনে পুরোনো বৈদ্যুতিক তার পরিবর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী বলেন, জনস্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। একটি কারখানায় বিদ্যুৎ সংযোগ দিতেই বিদ্যুৎ বন্ধ রাখা হয়নি বলে দাবি করেন তিনি।
পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালখালীর গ্রাহকরা অভিযোগ করে বলেন, একটি কারখানায় বিদ্যুৎ সংযোগ দিতে পুরো উপজেলা দিনভর বিদ্যুৎবিহীন রাখা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে ৬০হাজার গ্রাহকের বিদ্যুৎ চাহিদা রয়েছে ১৮ মেগাওয়াট। এর মধ্য ১৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়।
