সিটিনিউজ ডেস্ক:: বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে চলে গেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। শনিবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘এসো গড়ি মাতৃভূমি’ র্শীষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এর আয়োজন করে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিস (এনআরবি)।
প্রধান অতিথির বক্তব্যে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেছেন, ‘বিভিন্ন দেশে গেলে অনেকে বাংলাদেশি পরিচয়ে আমার সঙ্গে দেখা করতে আসেন। কোথায় বাড়ি জিজ্ঞেস করলে জানা যায়, তারা রোহিঙ্গা। তাদের সংখ্যা দুই থেকে আড়াই লাখ হতে পারে।’
প্রবাসী কল্যাণমন্ত্রীর ভাষ্য, ‘মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট হয়েছে। তবে এটা আমাদের দেশের নয়, ওই দেশেরই সিন্ডিকেট। এখন শ্রমিক পাঠানো বন্ধ করে দিলে কেউ যেতে পারবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবেন।’
নুরুল ইসলাম জানান, যারা বৈধ পথে বাংলাদেশে প্রবাসী আয় পাঠাবে, তাদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী রাজি থাকলে এটি চালু করা হবে। এতে বৈধ পথে আয় আরও বাড়বে বলে আশাবাদী তিনি।
প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘আপনাদের (প্রবাসী) পাঠানো রেমিটেন্স দিয়ে দেশে বিনিয়োগ করুন। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ প্রদান করছে বর্তমান সরকার। দেশে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সৃষ্টিতে ব্যাপক কাজ হচ্ছে।’
প্রবাসী বাংলাদেশিদের আয় দেশে আনতে ভূমিকা রাখার জন্য অনুষ্ঠানে ১০টি ব্যাংককে পুরস্কার প্রদান করেন মন্ত্রী। এগুলো হলো— ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া ও দি সিটি ব্যাংক। এছাড়া দেশে রেমিটেন্স আনার জন্য ব্র্যান্ডি আওয়ার্ডের জন্য সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন তিনি। এগুলো হলো— ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, এক্সিম ব্যাংক ও টিসিবিএল গ্রুপ।
সেন্টার ফর এনআরবি চেয়ারম্যান এমএস শাকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এসকে শহিদুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসান প্রমুখ। এছাড়া কয়েকজন প্রবাসীও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
