আমৃত্যু নীতি ও আদর্শের উপর অবিচল ছিলেন সাংবাদিক নূর মোহাম্মদ রফিক
সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম : প্রয়াত সাংবাদিক নূর মোহাম্মদ রফিক তাঁর রচিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অভিধানের কারণেই অনেককাল বেঁচে থাকবেন চট্টগ্রামবাসীর মনে। তিনি আমৃত্যু নীতি ও আদর্শের উপর অবিচল ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানকারী এই ব্যক্তি নীরবে–নিভৃতে অনেক গবেষণামূলক কাজও সম্পাদন করেছেন।
গতকাল শুক্রবার ২৭ এপ্রিল বিকাল ৫ টায় নগরীর হালিশহর মুনির নগরস্থ এম এ আজিজ কবর সংলগ্ন চত্বরে মুক্তিযোদ্ধা–সাংবাদিক নূর মোহাম্মদ রফিকের স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক নূর মোহাম্মদ রফিক স্মরণসভা উদযাপন পরিষদ এ স্মরণসভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। উদযাপন পরিষদের আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী, কবি ও লেখক মাহবুবুল আলম এবং সাপ্তাহিক গান সম্পাদক মোহাম্মদ জহির।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগে কাজ করতেন নূর মোহাম্মদ রফিক। ওই সময় থেকে তিনি ছড়া লিখতেন। ওয়াসা নিয়ে লেখা একটি ছড়া সাড়া জাগিয়েছিল তখন। এসময় তিনি বলেন,চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অভিধান রচনা করে বিলুপ্ত শব্দগুলোকে তিনি যেমন পুনরুদ্ধার করেছেন তেমনি চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতিকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছেন ।
পরিষদের সদস্য সচিব ছৈয়দ এনামুল হক মুনিরীর সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন–এজহারুল হক, মোকছেদ আলী, হারুনুর রশীদ, রেজাউল করিম কায়সার, আনোয়ার হোসেন, এস এম আবু তাহের, মরহুমের পরিবারের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু, ছড়াকার আলম মাহবুব, গোলাম মাওলা প্রমূখ।
