সিটিনিউজ ডেস্ক:: আজ রবিবার (৬ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডগুলোর ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে শিক্ষা বোর্ডগুলোর ফল বিশ্লেষণের প্রতিবেদন উপস্থাপন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। অনুষ্ঠানে শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।
এদিন বেলা ১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরবেন।
রবিবার ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
উল্লেখ্য, গত ১-২৫ ফেব্রুয়ারি এসএসসি’র তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। এবার দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নিয়েছে। তবে প্রশ্নফাঁস ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছিল এবারের এসএসসি পরীক্ষাকে ঘিরে। গত ৩ মে প্রশ্নফাঁসের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন হাতে পেয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এসএসসি পরীক্ষা বাতিল হবে না, প্রশ্নফাঁসের সুবিধাভোগী মাত্র ০.২৫ শতাংশ। সেদিনের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, নৈর্ব্যত্তিক (এমসিকিউ) প্রশ্ন ফাঁস হয়েছে ১৭টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ের শুধু ‘খ’ সেটের। আর তা হয়েছে পরীক্ষার ২০ মিনিট সময় আগে। এতে ২০ লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ অর্থাৎ পাঁচ হাজার পরীক্ষার্থী সুবিধাভোগী। এরমধ্যে অনেকেই আটক ও বহিষ্কার হয়েছে এবং ব্যবস্থার আওতায় রয়েছে। তাই কোনও পরীক্ষা বাতিল করার প্রয়োজন নেই।
