মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ :: উপজেলার রৌশনহাট লামার বাজার সড়কটির দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। ফলে সড়কের কার্পেটিং নষ্ট হয়ে যায় দ্রুত।
সর্রজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রৌশনহাট লামার বাজার সড়কটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, পটিয়ার শোভনদন্ডী, রশিদাবাদ, আশাতা, মাহজনহাট, চামদরিয়া বাজার, বরকলের আকাংশের জনসাধারণ এবং আরফা-করিম স্কুল এন্ড কলেজ, শোভনদন্ডী কলেজ, পশ্চিম এলাহাবাদ মাদ্রাসা, পশ্চিম এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কা নাবাদ উচ্চ বিদ্যালয়, জাহাগিরিয়া ম্রাদাসা, বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ এ সড়ক দিয়ে চলাচল করে থাকে।
একই ভাবে পটিয়া সংসদীয় আসনের সংসদ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর বাড়ী রশিদাবাদ হওয়ায় এ সড়কে তিনিও চলাচল করে থাকেন। অথচ এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন অবস্থায় পড়ে থাকার কারণে জনসাধারণের দুর্ভোগের যেন শেষ নেই।
লামার বাজার এলাকায় সড়কের দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকে। সড়ক দিয়ে যানবাহন চলাচল করার সময় সড়কের পাশে থাকা দোকান, ক্রেতা, চলাচলকারী পথচারীদের কাদা পানিতে একাকার হয়ে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়।
সড়কটি সংস্কারের ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী আলী আজগর বলেছেন, কয়েক বছর আগে সড়কটি সংস্কার করা হলেও ড্রেনেজ ব্যবস্থা না করায় সড়কে পানি জমে থাকার কারণে কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে।
প্রকৌশলী আনোয়ার হোসেন বলেছেন, এ সড়কে কার্পেটিং না করে পিচ ঢালায় করলে টেকসই হতো। এ ব্যাপারে যাথাযথ কর্তৃপক্ষ আগামীতে পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিক আইয়ুব আলী বলেছেন, এ সড়কটি চন্দনাইশ ও পটিয়া একটি বিশাল জনগোষ্ঠির চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগ বিষয়টি গুরুত্ব অনুধাবন করে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফ বলেছেন, ইতি মধ্যে সড়কটি সংস্কারের জন্য একাধিক বার ম্যাজারমেন্ট করা হয়েছে। কিন্তু কি এক অজানা কারণে সড়কটি সংস্কার করা হয়নি। আশা করি খুব শীঘ্রই সংস্কারের মাধ্যমে জনসাধারণের চলাচলের সুযোগ করে দিবেন।
