৪২৯ জন শ্রমিকের পরিবারে বীমার চেক হস্তান্তর

0

সিটি নিউজ ডেস্ক :: বিকেএমইএ’র সদস্য গার্মেন্টস কারখানার ৪২৯ জন মৃত শ্রমিকের পরিবারের মধ্যে ৮ কোটি ৫৮ লক্ষ টাকার গ্রুপ বীমার চেক হস্তান্তর করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মুজিবুল হক এমপি।

আজ  শনিবার ( ১২ মে)  রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে বিকেএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মৃত শ্রমিকদের পরিবারকে চেক হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক বলেন, ‘আমরা গার্মেন্টসের প্রতিটি রফতানির দশমিক শূন্য ৩ শতাংশ একটি ফান্ডে জমা দেয়ার বিধান করেছি। এই ফান্ডে ৯৬ কোটি টাকা জমা হয়েছে। একদিন হাজার হাজার কোটি টাকা জমা হবে।’

তিনি বলেন, ‘এই ফান্ড থেকে শ্রমিকদের বীমা দাবি হিসাবে যে ২ লাখ টাকা দেয়া হবে তার জন্য কোনো আমলাতান্ত্রিক জটিলতা নেই। বিজিএমইএ অথবা বিকেএমইএ থেকে তালিকা পাঠালেই হবে।’

প্রতিমন্ত্রী জানান, ‘কোনো শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেলে তার পরিবারকে ২ লাখ টাকার পাশাপাশি আরও ৩ লাখ টাকা দেয়া হবে। এছাড়া শ্রমিকের ছেলে-মেয়ে যদি সরকারি মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে এ তহবিল থেকে সহায়তা করা হবে। কোনো শ্রমিকের সন্তান জিপিএ ৫ পেলে তাকে আর্থিক সহায়তা করা হবে।’

শ্রমিকের সুরক্ষায় বিভিন্ন ধরনের কার্যক্রমের জন্য বিকেএমইএ সভাপতিকে ধন্যবাদ জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। ৪০০ শয্যা বিশিষ্ট শ্রমিক হাসপাতালের নির্মাণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে যার ১০০টি শয্যা শ্রমিকদের জন্য বরাদ্দ থাকবে বলে জানান তিনি।

গার্মেন্টস শ্রমিকেদের জন্য নতুন ওয়েজ বোর্ড হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে কমিটি সুপারিশ করবে। সেই সুপারিশের ভিত্তিতে আপনাদের বেতন কতোটুকু বাড়ানো যায় আমরা তার পদক্ষেপ নেব।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি নীটওয়্যার খাতের সার্বিক উন্নয়নে মালিক-শ্রমিক-সরকার সকলের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পারষ্পারিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন। এই শিল্পের উত্তোরোত্তর সম্বৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নীট খাতের অব্যাহত উন্নয়নে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিকেএমইএ সভাপতি।

এছাড়াও তিনি আসন্ন ঈদ-উল ফিতর-এর পূর্বে প্রত্যেক কারখানা যাতে বেতন-ভাতা পরিশোধ করতে পারে, সেজন্য অর্থমন্ত্রণালয়ের কাছে নগদ সহায়তা বাবদ একটি বিশেষ বরাদ্দ প্রদানের জন্য শ্রম প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান। এছাড়া বিকেএমইএ’র ১ম সহ-সভাপতি মনসুর আহমেদ, দ্বিতীয় সহ-সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি (অর্থ) হুমায়ুন কবীর খাঁন শিল্পীসহ নীট খাতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও শ্রম অধিদপ্তর, কেন্দ্রিয় তহবিল, আইএলও, জীবন বীমা কর্পোরেশন, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.