ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ভিজিলেন্স টিম কাজ করবেঃ কাদের
সিটি নিউজ ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন করতে ৩টি টার্মিনালে একটি করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই টিম গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রী সেবায় নিয়োজিত থাকবে। সাথে চালকরা মোবাইলে কোন কথা বলতে পারবে না। অমান্য করলে কঠোর ব্যবস্থা।
অতিরিক্ত ভাড়া দাবি না করা, বাসের ছাদে যাত্রী পরিবহন না করা ও ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে বাস টার্মিনালে এই টিম কাজ করবে।
আজ শনিবার (৯ জুন) সকালে সকালে রাজধানীর এলেনবাড়িতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ টিম গঠন করেন ।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (ট্রাফিক) আহ্বায়ক করে টিমে মোট সদস্য ১২ জন। এই টিম আগামী সোমবার ১১ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ২৪ ঘণ্টা তিন টার্মিনালে যাত্রী সেবায় নিয়োজিত থাকবে।
টিমের অন্য সদস্যরা হচ্ছে, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক ইন্সপেক্টর, সংশ্লিষ্ট এলাকার পেট্রোল ইন্সপেক্টর, সংশ্লিষ্ট টার্মিনাল ম্যানেজার, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) ও মোটরযান পরিদর্শক (বিআরটিএ)।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা যাবে না। চালকের যদি কথা বলতে হয় তবে গাড়িকে একেবারে সাইড করে কথাটা সেরে নিতে হবে। মন্ত্রী বলেন, যদি আমরা নিয়ম-শৃঙ্খলা মেনে চলি তবে এবারের ঈদযাত্রায় যানজট হবে না। সীমাবদ্ধতার পরও আশা করছি বড় কোনো সমস্যা হবে না।
ওবায়দুল কাদের বলেন, ভারী বৃষ্টিতে যান-চলাচল স্লো (ধীর গতি) হতে পারে তবে থমকে যাবে না। যানবাহন বিকল হতে পারে। সড়কে যানবাহন বিকল হয়ে যেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য গাড়ির ফিটনেস পরীক্ষা করে নিতে হবে। এজন্য কার্যকরি ভূমিকা পালন করবে বিআরটিএ।
/এসএম
