মেয়রের সাথে কসমোপলিটন কমিউনিকেশন নেতৃবৃন্দের সাক্ষাৎ
সিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল কর্মকান্ডে ডিজিটালাইজেশন প্রক্রিয়া চালু করার জন্য একটি কর্মপরিকল্পনা দাখিলের জন্য কসমোপলিটন কমিউনিকেশন লিমিটেড’কে প্রস্তাব দিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ বুধবার ( ২৭ জুন ) বিকালে নগর ভবনে মেয়র দপ্তরে সিটি মেয়রের সাথে অনুষ্ঠিত কসমোপলিটন কমিউনিকেশন লিমিটেডের প্রতিনিধিবৃন্দের এক সৌজন্য বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
বৈঠকে চসিক সচিব আবুল হোসেন,প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমেদ এবং কসমোপলিটন কমিউনিকেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার আহমদ ইফতেখার, ম্যানেজার কর্পোরেট অফিসার মাহফুজুর রহমান, মার্কেটিং ম্যানেজার শাহিদুজ্জামান তুষার, মার্কেটিং এন্ড সেলস ম্যানেজার আকরাম হোসেন,ডেপুটি ম্যানেজার মেহেরান সাইফ উপস্থিত ছিলেন।
বৈঠকে কসমোপলিটন কমিউনিকেশন লি. এর জেনারেল ম্যানেজার আহমদ ইফতেখার মেয়রের কাছে তাদের দেশ ব্যাপী ইন্টারনেট সেবা প্রদানের অংশ হিসেবে সিটি কর্পোরেশনেও ইন্টারনেট, ডাটা কানেকটিভ সেবা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
প্রতিনিধিবৃন্দ দেশের ৭টি সেনানিবাসসহ বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানে স্বল্প মূল্যে তাদের ইন্টারনেট সেবা দিয়ে আসছে বলে মেয়রকে অবহিত করেন। মেয়র প্রতিনিধিবৃন্দকে কর্পোরেশনের বিভিন্ন আইটি সেবা খাত সমূহ একই নেটওয়ার্কের আওতায় আনার সহযোগিতা চেয়ে প্রস্তাব পেশ করেন।
কর্পোরেশনের শিক্ষা,স্বাস্থ্য, প্রকৌশল, পরিচ্ছন্ন ও রাজস্ব বিভাগে সেবা চালুর পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক সেবা কর্মকান্ডে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরাসরি মনিটরিং করার আগ্রহ প্রকাশ করেন।
এই ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কর্পোরেশনের সকল কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন। তিনি কসমোপলিটন কমিউনিকেশন লিমিটেডের প্রতিনিধিবৃন্দকে চট্টগ্রাম নগরীসহ আশেপাশে উপজেলায় এই ইন্টারনেট সেবা প্রদানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
