ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান

0

সিটিনিউজ ডেস্ক:: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তিন দিনের সফরে ঢাকায় আসছেন। শনিবার বিকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও রাতে জাতিসংঘের মহাসচিবের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

সফরকালে তারা দুইজনই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন তারা।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সংকট শুরু হলে তখন থেকেই এ বিষয়ে অত্যন্ত সোচ্চার রয়েছেন অ্যান্তোনিও গুতেরেস।

অন্যদিকে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৪০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছে বিশ্বব্যাংক।

জাতিসংঘের মহাসচিব হিসেবে অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশে এটাই হবে প্রথম সফর। এর আগে তিনি জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের প্রধান হিসেবে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফর করেছিলেন। আর বিশ্বব্যাংকের প্রধান জিম জং কিমের বাংলাদেশে এটি দ্বিতীয় সফর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এ পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের সহায়তায় তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে বিভিন্ন দেশ ও দাতা সংস্থা এগিয়ে এসেছে।

বিশ্বব্যাংকও রোহিঙ্গাদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্যের প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। এ ধারাবাহিকতায় একটি সহায়তা মিশন সম্প্রতি কাজ শেষ করেছে। একইসঙ্গে অন্যান্য দাতা সংস্থা ও দেশ যৌথভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে এবং ইতিমধ্যেই কিছু সাহায্যও পাওয়া যাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.