সিটি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন কোটা পদ্ধতির সংস্কার করা হবে। তিনি যা বলেন, তা করেন। চলমান কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কথা দেওয়ার পরও কোটা নিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে।
তিনি শুক্রবার ৬ জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত কুচক্রী মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বন্ধ রাখার জন্য গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছে।
অনুষ্ঠানে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
