সিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রামের হালিশহর আগ্রাবাদসহ জন্ডিসের প্রকোপ আছে এমন এলাকার ওয়াসার পানিতে হেপাইটাইটিস ই ভাইরাস আছে কিনা তা পরীক্ষা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (৮ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালত ই ভাইরাস আছে কিনা তা পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে কমিটি গঠন করতে হবে এবং ৯০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে।
আদেশে সম্প্রতি জন্ডিসে আক্রান্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসব নির্দেশ প্রতিপালনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।
আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ)এর জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ) নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
চট্টগ্রামের হালিশহরে সম্প্রতি সাধারণ মানুষ জন্ডিসে আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্যে ডেইলি স্টার, দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ।
তিনি জানান, আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। রুলে চট্টগ্রাম সিটির জনগণের জীবন রক্ষায় জীবাণুমুক্ত পানি সরবরাহে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, নিরাপদ পানি সরবরাহের কেন নির্দেশ দেয়া হবে না এবং জন্ডিসে আক্রান্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান, চট্টগ্রামের সিভিল সার্জন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
