সংসদে পিআইবি আইন ২০১৮ বিল পাস

0

সিটি নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইন ২০১৮ বিল পাশ হয়েছে। বিলে পিআইবিকে সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান, সাংবাদিকতা বিষয়ে নীতিমালা প্রণয়ন, পেশাগত প্রশিক্ষণ, সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স পরিচালনার ক্ষমতা দেয়া হয়েছে।

আজ বুধবার (১১ জুলাই) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিলটি পাস করার প্রস্তাব করলে কয়েকটি সংশোধনী গ্রহণ করে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর আনীত সংশোধনী, জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।

বিলে পিআইবি পরিচালনার জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মনোনীত দুই সদস্যসহ একটি পরিচালনা বোর্ড গঠন, তহবিল গঠন ও পরিচালনা, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য একাডেমিক কমিটি গঠন ও আইনের উদ্দেশ্য পূরণে একাধিক কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

একজন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ বা জনসংযোগে দক্ষ ব্যক্তিদের মধ্য থেকে সরকার পিআইবির চেয়ারম্যান নিযুক্ত করবেন। সরকার ইনস্টিটিউটের জন্য একজন মহাপরিচালকও নিয়োগ করবে। তবে তিনি সাংবাদিক হবেন এমন কোন শর্ত রাখা হয়নি।

বিলের ধারায় বলা হয়, এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ১৯৭৬ সালের ১৮ আগস্ট গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে গঠিত বাংলাদেশ প্রেস ইন্সস্টিটিউট রেজুলেশন রহিত হবে এবং রেজুলেশনের অধীন সকল স্থাবর, অস্থাবর সম্পত্তি, নগদ ব্যাংকে গচ্ছিত অর্থ ও মঞ্জুরি আইনের অধীন পিআইবির এখতিয়ারভুক্ত হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, বিদ্যমান বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটকে সঠিকভাবে পরিচালনার জন্য আইনি কাঠামো প্রদানের লক্ষ্যে নতুন আকারে প্রস্তাবিত আইন প্রণয়নের জন্য এই বিল উপস্থাপন করা হলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.