সিটি নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তিনি তার কাজ দিয়ে দেশকে সমৃদ্ধ করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার (২৭ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মহিলা লীগ আয়োজিত নারী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ও এরশাদের সময় দেশে নারীদের অধিকার বলে কিছু ছিল না। জিয়াউর রহমানের শাসনামলে তো নারীদের মুখে এসিড মারা হতো।’
তিনি বলেন, ‘বিএনপি নেত্রী বিখ্যাত হয়েছেন এতিমের টাকা চুরি করে। তার দুই ছেলেই দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছেন।’
এরপরই মন্ত্রী বলেন, ‘বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের জন্য সুনাম বয়ে আনছেন। তথ্যপ্রযুক্তির দিক দিয়ে দেশকে সমৃদ্ধ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘জামায়াতের তাণ্ডব দেশবাসী অতীতে দেখেছে। তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। এটি তাদের দেশ নয়, তাদের দেশ সেই জঙ্গিদের দেশ।’
আখাউড়া মহিলা লীগের সভানেত্রী মঞ্জুরা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ভূইয়া প্রমুখ। নারী সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. পিয়ারা বেগম পিওনা।
