সিটিনিউজ ডেস্ক:: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক রুট পারমিট বাতিল করা স্বত্ত্বেও পরিবহন চালানোর অভিযোগে জাবালে নূর পরিবহনের ছয়টি বাস জব্দ করেছে র্যাব।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাস ছয়টি জব্দ করা হয়। বাহিনীটির পক্ষ থেকে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়।
মুঠোফোনের ওই বার্তায় জানানো হয়, রুট পারমিট বাতিল স্বত্ত্বেও পরিবহন পরিচালনার অভিযোগে জাবালে নূর পরিবহনের চয়টি বাস রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছেন র্যাব-১ ও র্যাব-৪ সদস্যরা। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৯ জুলাই দুপুরে বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে রমিজ উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া আক্তার মিম নিহত হন। গুরুতর আহত অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয় আরও ছয়জনকে।
এই দুর্ঘটনাটি শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে আর নিরাপদ সড়কের দাবিতে পরদিন থেকে প্রতিদিন সড়কে নেমে অবরোধ করছে তারা। কয়েকদিন ধরে চলা আন্দোলনে রাজধানী কার্যত অচল হয়ে যায়।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জড়িত দুই বাসের রুট পারমিট বাতিল করে বিআরটিএ। গ্রেপ্তার করা হয় দুই বাসের চালক, সহকারী ও বাস মালিককে। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়।
