হাটহাজারী ত্রিপুরা পাড়ার শিশুদের পাশে জেলা প্রশাসন
সিটি নিউজ : চট্টগ্রাম হাটহাজারীর ফরহাদাবাদের ত্রিপুরা পাড়ার আরও ২৫ জন শিশু হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এসব শিশুদের জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিধানের কাপড় প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) সকালে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ২৫ শিশুদের হাতে এসব কাপড় তুলে দেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘সোনাই ত্রিপুরার চিকিৎসা, পুষ্টিহীনতা, পানি সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই এলাকার ৫২ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল, নগদ টাকা, মশারি দেওয়া হয়েছে। পানি সংকট নিরেসনে ৩টি গভীর নলকূপ এবং ২৬টি টয়লেট বসানো হচ্ছে।’
এছাড়াও সোনাই ত্রিপুরার উন্নয়নে নানা প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রী দফতরের চিঠি পাঠানোরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এসময় হাম রোগে আক্রান্ত শিশুদের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
শিশুদের কাপড় বিতরণকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী, উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারাও সেখানে গিয়ে শিশুদের খোঁজ-খবর নেন।
২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত হাটহাজারীর ফরহাদাবাদের দক্ষিণ উদালিয়া এলাকার সোনাই ত্রিপুরা পাড়ার অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে একই রোগে আক্রান্ত হয়ে আরও ২৫ শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে জেলা সিভিল সার্জনের তত্ত্বাবধানে রোববার (২৬ আগস্ট) আক্রান্ত ৬ শিশু থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর পর সোমবার (২৭ আগস্ট) দুপুরে প্রতিবেদন দেয় স্বাস্থ্য অধিদফতর। সেখানে ৪ জনের দেহে প্রমাণ মেলে হাম ভাইরাসের।
