সরকারের সদিচ্ছার কারনে শিক্ষার সুষ্ঠ পরিবেশ রয়েছে- কর্ণেল অলি
নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : এলডিপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ রয়েছে সরকারের সদিচ্ছার কারনে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত পাঠানোর মাধ্যমে সু-শিক্ষিত জাতি গঠনের উপর গুরুত্বারোপ করেন তিনি। নারী শিক্ষার উন্নয়নে সরকারের পদক্ষেপের প্রসংশা করে তিনি বলেন, বর্তমানে ছাত্রীদের জন্য সরকার উপ-বৃত্তি, বিনা মূল্যে বই বিতরণ, ডিগ্রী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ন কর্মসূচি অব্যাহত রেখে নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের মেয়েরা সু-শিক্ষিত হয়ে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মেধার স্বাক্ষর রেখে চলেছে। মেয়েরা শিক্ষিত হলে পুরো-পরিবার তথা দেশে শিক্ষার আলো ছড়াবে। নারীরা এখন প্রতিটি ক্ষেত্রে শিক্ষার অগ্রগতির কারণে ভুমিকা রেখে চলেছে। যা ইতিবাচক বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
কর্ণেল অলি আহমদ নিজেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অনেক গুলি স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছেন, জাতিকে শিক্ষিত করার জন্য।
তিনি আরও বলেন, গাছবাড়ীয়া কলেজসহ দক্ষিণ চট্টগ্রামে অনেকগুলো কলেজ সরকারি করেছেন। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুল, কলেজে পাঠানোর পর খবরা খবর রাখতে হবে। যেন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে অন্য কোন খারাপ পথে বা স্থানে গিয়ে নিজের জীবন ধ্বংস না করে।
মঙ্গলবার ১১ সেপ্টেম্বর সকালে গাছবাড়িয়া মমতাজ বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে পরিচালনা পরিষদ সভাপতি সামশুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক পৌর মেয়র মো. আইয়ুব কুতুবী, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যাপক সিরাজুল করিম, এলডিপি’র সাধারণ সম্পাদক আকতার আলম, এম আইনুল কবির। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। শিক্ষক সাজেদা সুলতানা ও সুমন শর্ম্মার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এলডিপি নেতা আবিদুর রহমান বাবুল, আকতার উদ্দিন, মহিউদ্দিন, কিন্ডার গার্টেনের অধ্যক্ষ বিজয় কৃষ্ণ ধর, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য কামরুল আহসান, শিক্ষক মনিরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক এম. মহসিন, উজ্জল চক্রবর্তী, শওকত হোসেন, লুৎফুন্নেছা প্রমূখ।
