আন্তর্জাতিক ডেস্ক:: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের স্ত্রী রোশমাহ মনসুরকে গ্রেফতার করা হয়েছে। অর্থ কেলেঙ্কারির দায়ে বুধবার দেশটির দুর্নীতি দমন কমিশন তাকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারিসহ ১৭টি অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার গ্রেফতারের একদিন পরই বৃহস্পতিবার রোশমাহ মনসুরের বিরুদ্ধে ১৭টি অভিযোগ আনা হয়। রোশমাহ’র আইনজীবী কে. কুমারেনড্রান এ কথা জানান। রোশমাহ’র স্বামী নাজিব রাজ্জাকের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
৬৬ বছর বয়সী রোসমাহ মালয়েশিয়ার খুবই পরিচিত মুখ। তাকে প্রায়ই সগর্বে নিজের হারমেস বিরকিন হ্যান্ডব্যাগ ও ভারী গয়না পরে জনসম্মুখে আসতে দেখা যায়। এছাড়া বিশ্বজুড়ে লাখ লাখ ডলার খরচ করে শপিং করার জন্যও তিনি বেশ আলোচিত। তার এমন জাঁকজমকপূর্ণ জীবন-যাপনের বিষয়টি সবার নজরে আসে। স্বামীর সরকারি বেতনে কিভাবে এমন বিলাসী জীবন যাপন করা যায় তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।
গত ৯ মে নির্বাচনে নাজিব সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে হেরে যাওয়ার পর এই দম্পতির ওই বিলাসী জগতটি পাল্টে যায়। মাহাথির দায়িত্ব নেওয়ার পরই ওয়ানএমডিবি তহবিলের অর্থ তছরুপের অভিযোগ তদন্ত শুরু করেন। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, ওয়ানএমডিবি তহবিল থেকে ৪৫০ কোটি ডলারের বেশি অর্থ তছরুপ করা হয়েছে। এর মধ্যে ৬৮ কোটি ডলার নেওয়া হয়েছে নাজিবের ব্যক্তিগত ব্যাংক হিসাবে। নাজিব ও রোশমাহ দুইজনের বিরুদ্ধেই দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা আছে।
