এফ আর টাওয়ারের মালিক তাসভির-ফারুক ৭ দিন রিমান্ডে

0

সিটি নিউজ ডেস্কঃ এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামি তাসভির উল ইসলাম ও এসএমএইচআই ফারুককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (৩১ মার্চ) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালত সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, শনিবার রাতে এফ আর টাওয়ারের জমির মালিক এসএমএইচ আই ফারুককে (৬৫) বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এবং ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে বারিধারার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীতে ২৩ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত সাতটায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

পরে এ ঘটনায় শনিবার রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে ৪৩৬/৩০৪(ক) /৪২৭/১০৯ ধারায় মামলা (নম্বর ৩৭) করেন। এতে এস এম এইচ আই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাসভিরুল ইসলামকে আসামি করা হয়।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদোরপিন্ডি বুধোর ঘাড়ে চাপাতেই তাসভির-উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এফ আর টাওয়ারের সঙ্গে তার সম্পর্ক কী? ওইটার তো তিনি মালিক নন। ওই বিল্ডিংয়ের ডেভেলপারও তো তিনি নন। তা হলে কেন তাকে গ্রেফতার করলেন রাতে। জনগণকে দেখানো যে যা কিছু হয়, যা কিছু ঘটে সব কিছুর সঙ্গে বিএনপি জড়িত।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.