স্বাধীনতাবিরোধীরা কেউ আ’লীগের সদস্য হতে পারবে না

0

সিটি নিউজ :  যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী কোনো পরিবারের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ৪ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতা, বাংলাদেশের জন্য চেতনাবিরোধী- এসব ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট ও কঠোর।

কারো পরিবারে কেউ জামায়াত-শিবির বা যুদ্ধাপরাধী থাকলে তাদেরকে সদস্য করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধী পরিবার হলে সেখানে আমরা সদস্য সংগ্রহ করি না। তারা সদস্য পদ নিতে পারে না। এমনটাই আমাদের সদস্য অভিযানের নীতিমালায় স্পষ্ট করে বলা আছে। এটা আমাদের পুরোনো বিষয়।

তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি, যারা মুক্তিযুদ্ধবিরোধী তাদের কেউ যদি পারিবারিকভাবে আসতে চায় তাহলে তো আমাদের প্রশ্ন থাকবে। এখানে আমাদের আদর্শ এবং মূল্যবোধের প্রশ্ন, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন। নতুনভাবে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমে যুদ্ধাপরাধী পরিবারের কেউ আসতে পারবে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.