সিটি নিউজ,চট্টগ্রাম : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ২৬১ কোটি টাকার চসিক এলইডি বাতি প্রকল্প অনুমোদন হয়েছে আজ মঙ্গলবার ৯ জুলাই। সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এই সভায় অন্যন্যাদের সাথেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা উপস্থিত ছিলেন।চট্টগ্রাম নগরীকে একটি পরিবেশবান্ধব , বিদ্যুৎসাশ্রয়ী ও টেকসই প্রযুক্তির এলইডি বাতি দিয়ে নগর সড়ক আলোকায়নের উদ্যোগ নেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন।
ইতোমধ্যে রাজস্ব তহবিল থেকে ১৬ কিলোমিটার ও প্রকল্পের মাধ্যমে ৫৮ কিলোমিটার সড়ক এলইডির আওতায় আনা হয়েছে। নতুন প্রকল্প অনুমোদিত হওয়ায় নগরীর ৪৬৬ কিলোমিটার সড়ক এলইডি-র আওতায় আসবে। এতে ২০ হাজার ৬শ এলইডি লাইট বসানো যাবে । এই এলইডি বাতির ক্ষেত্রে ৫বছর রক্ষণাবেক্ষণ খাতে কোনো খরচই থাকবে না।
নগরীর ৪১ ওয়ার্ডের সড়ক আলোকায়ন ব্যবস্থাপনার আধুনিকায়ন কাজ শীর্যক প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬০ কোটি ৮৯ লক্ষ ৮৭ হাজার টাকা । প্রকল্পের মেয়াদ গেল জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত। প্রকল্পটি বৈদেশিক মুদ্রা ঋণ সহায়তা ও সরকারের নিজস্ব অর্থ দিয়ে বাস্তবায়িত হবে।
যার মধ্যে ভারত সরকার ঋণ দিচ্ছে ২১৪ কোটি ৪৬ লক্ষ ৮২ হাজার টাকা এবং জিওবি থেকে ৪৬ কোটি ৪৩ লক্ষ ৫ হাজার টাকা। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক এবং পথচারীদের জন্য কার্যকর ও টেকসই সড়কবাতির সুবিধা নিশ্চিতকরণে চসিকের এ উদ্যোগ।
