ইমরান খানকে পদত্যাগ করতে হবেঃ জেইউআই

0

আন্তর্জাতিক ডেস্কঃ দেশটির রাজনৈতিক দল পাকিস্তান জামায়াতে উলামায়ে ইসলামের (জেইউআই) আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার সরকারকে পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ও তার সরকারকে পদত্যাগ করতেই হবে।

পাক প্রধানমন্ত্রী ইমরানকে আগামী আগস্টের মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছেন ইসলামপন্থী দলটির এই নেতা। রবিবার কোয়েটায় দলের আয়োজিত ‘মিলিয়ন মার্চ’ নামক র‌্যালিতে বক্তব্য দেয়ার সময় এ আলটিমেটাম দেন তিনি।

জেইউআই প্রধান বলেন, কোয়েটায় মিলিয়ন মার্চ হলো আমাদের শেষ মিলিয়ন মার্চ। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হবে ইসলামাবাদ। ইমরানকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ‘যদি আগস্টের মধ্যে ইমরান খান পদত্যাগ না করে তাহলে অক্টোবরে গোটা দেশের মানুষ ইসলামাবাদ অভিমুখে মার্চ করবে।

ইমরান সরকারের কড়া সমালোচনা করে বিরোধী দলীয় এ জোট প্রধান বলেন, ‘বিগত নির্বাচন যে কারচুপিতে ভরপুর ছিল, সেটা সবাই জানে। এখন নতুন নির্বাচন চায় পাকিস্তানের সব রাজনৈতিক দল। আগামী মাসের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। আর তা নাহলে ইসলামাবাদ মার্চ থেকে নিজেদের রক্ষা করতে পারবে না তারা।

জেইউআই আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেভাবে আমরা দেশকে বৃটিশদের থেকে স্বাধীন করেছি, একইভাবে আমরা এই (ইমরান খানের) সরকারের হাত থেকে জাতিকে মুক্ত করবো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.