দু’দিনের মাথায় ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে হামলার একদিন পার না হতেই রবিবার ওহিও অঙ্গরাজ্যের ডেটনে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। এতে অহত হয়েছেন অন্তত ১৬ জন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, আজ রবিবার স্থানীয় সময় দুপুর ১টায় ওহিও অঙ্গরাজ্যের ওরেগন জেলার একটি বারের বাইরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া বন্দুক হামলাকারীও ঘটনাস্থলে নিহত হয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে স্থানীয় সময় শনিবার সকালে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৪ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি হামলার আগে একটি ইশতেহার প্রকাশ করেছিলেন।
ঘটনার পরপরই ডেটনের পুলিশ এক টুইটার বার্তায় লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। এদিনের এ ঘটনার পর মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লাগাতার বন্দুকধারীদের হামলা ও হতাহতের খবরে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটির বাসিন্দারা। কিন্তু কী কারণে এ ঘটনা? লাগাতার কেন ঘটে চলেছে বন্দুকধারীদের দাপট? এমন নানা প্রশ্ন ভাবাচ্ছে মার্কিন প্রশাসনকে।
