স্পোর্টস ডেস্কঃ কোনো ফ্র্যাঞ্চাইজিকেই কোনো দল দেওয়া হচ্ছে না এবারের বিপিএলে। বিসিবি নিজেরাই চালাবে এই আসর। সবগুলো দল পরিচালনা করা হবে বিসিবি নিজস্ব ব্যবস্থাপনায়। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে সামনে রেখে এবারের বিপিএলের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল। একথা জানালেন বিপিসি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিসিবিতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পূর্ব নির্ধারিত সময় ৬ ডিসেম্বর থেকেই হবে বিপিএল। তার আগে ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান।
ফ্র্যাঞ্চাইজিগুলোর বিভিন্ন দাবি-দাওয়ার সঙ্গে বিসিবি কোনো মতেই মানিয়ে নিয়ে পারছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে মূল কারণ হিসেবে উল্লেখ করলেন বঙ্গবন্ধুরকে সম্মান জানানো।
তিনি বলেন, এটির পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনারা জানেন আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আমরা চাচ্ছি, এবারের বিপিএল আমরা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করব। বঙ্গবন্ধু বিপিএল’আয়োজন করে এবছর আমরা চালাব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী মার্চে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের টি-টোয়েন্টি সিরিজের ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি।
বঙ্গবন্ধুর প্রতি সম্মানকে সবচেয়ে বড় কারণ বলা হলেও নিজেরাই সব দল পরিচালনার এই বিস্ময় জাগানিয়া সিদ্ধান্তের পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাংঘর্ষিক দাবির কথাই আগে বললেন বিসিবি সভাপতি।
এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর নতুন চুক্তি হওয়ার কথা। তাদের সঙ্গে আমরা বসেছিলাম। বসে যে আলোচনা হয়েছে এবং সংবাদমাধ্যমে আমরা যা দেখেছি, আমার সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে, সব কিছু থেকে আমি বলতে পারি, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বেশ কিছু দাবি-দাওয়া আছে। ওই দাবিগুলো বিপিএলের অরিজিনাল মডিউলের সঙ্গে পুরোপুরিই সাংঘর্ষিক। কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না।
আবার কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বলেছে যে, এই বছর দুটি বিপিএল না হোক, সেটিকেই তারা বেশি উপযুক্ত মনে করে । খেলবে না, তা নয়। তবে এক বছরে দুটি খেললে তাদের ওপরে চাপ বেশি পড়ে যায়। সবকিছু মিলিয়ে আমরা ঠিক করেছি, এবারের বিপিএল বিসিবি নিজেরাই চালাবে। কোনো ফ্র্যাঞ্চাইজিকে আমরা দিচ্ছি না।
প্রত্যেকটি দল যা ছিল, ঠিক থাকবে। শুধু ব্যবস্থাপনায় বিসিবি। ক্রিকেটারদের থাকা-খাওয়া, টাকা-পয়সা, গাড়ী, সব আমরা করব। আমি মনে করি, এত সবাই খুশি হবে। যারা এবার করতে চাচ্ছিলেন না, তারা তো অবশ্যই খুশি হবেন। যারা আর্থিক ক্ষতির কথা বলছেন, তারা তো আরও বেশি খুশি হবেন। তাদের পুরো টাকা বেঁচে যাবে। তো আমরা ঠিক করেছি, আমরাই চালাব।
বিসিবির ব্যবস্থাপনায় সব পরিচালনা করা হলেও নাজমুল হাসান জানালেন, দলগুলির জন্য স্পন্সর নিতে তাদের আপত্তি নেই। এমনকি কোনো দলের স্পন্সর চাইলে বিদেশী কোচ বা বিদেশী ক্রিকেটারও দলে নিতে পারবে।
গত আসরের মতো সাতটি দল থাকবে এবারও। দলগুলির নাম আগের নামেই রাখার চেষ্টা করা হবে বলে জানালেন বিসিবি প্রধান।
