সরকার গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেঃ ফখরুল
সিটি নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের উপর হামলা চালানোর ছাত্রলীগকে দায়ী করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে এই হামলা চালানো হয়। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ সোমবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, এই হামলা আওয়ামী বাকশালী ছাত্রলীগের একদলীয় কর্তৃত্ববাদী শাসনের বহিঃপ্রকাশ। রাষ্ট্র ও সমাজ থেকে গণতন্ত্রকে ধ্বংস করার মতো তারা শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চায় না। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান থাকলে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। এই ভয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এখন লাঠিয়ালের ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, ছাত্রলীগের হাতে বই, খাতা, কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেয়ার কারণেই শিক্ষাঙ্গনগুলো রক্তাক্ত এবং তারা নিজেরা মহাচাঁদাবাজ হিসেবে অভিসিক্ত হয়েছে। ক্ষমতাসীন ছাত্রসংগঠন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের অঘোষিত শাসকে পরিণত হয়ছে। তারা নিজেরা বেপরোয়াভাবে চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, নকল বাণিজ্য ও প্রশ্নপত্র ফাঁস বাণিজ্যে লিপ্ত হয়ে পড়েছে। আসলে এরাই দেশব্যাপী অরাজকতা ও অনাচারের হোতা।
মির্জা ফখরুল আরও বলেন, সরকার এদেরকে লেলিয়ে দিয়েছে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের এই রক্তাক্ত আক্রমণ কাপুরোষচিত। আমি এই হামলায় জড়িত দৃস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আহত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের আশু সুস্থতা কামনা করছি।
ছাএদলের আহত নেতাকর্মীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যলয় যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ, ডাকসুর এজিএস প্রার্থী মো. খোরশেদ আলম সোহেল, জিয়া হল যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, ঢাঃ বিঃ সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম শাহীন, শহীদুল্লাহ হল জিএস প্রার্থী মাহবুবুল আলম শাহীন, সুর্য সেন হল যুগ্ম আহবায়ক, ফিরোজ আলম, আতাউর রহমান, খন্দকার ফাহিম, সাগর রহমান ও কর্মী শাহ আলম চৌধুরীসহ অনেক ছাএদলের নেতাকর্মীরা আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
