বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত-যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান
সিটি নিউজ ডেস্কঃ টি-টুয়েন্টি ফাইনালে বৃষ্টির বাগড়ায় বেস্তে গেছে। যার কারনে বাংলাদেশ-আফগানিস্তান দু’দলকেই চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়েছে। আজ বিকেল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, ম্যাচ হওয়ার সম্ভাবনা একদমই ছিল না বললে চলে। তবুও রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করেছিল বাংলাদেশ, আফগানিস্তানের ক্রিকেটার ও দর্শকরা। কিন্তু শেষ পর্যন্ত পরিত্যক্ত হলো ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি। রাত নয়াটায় ম্যাচ রেফারি ঘোষণা দেন ম্যাচটি পরিত্যক্ত। এতে যৌথ চ্যাম্পিয়ন হয় উভয় দল।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। কিন্তু বিকেল থেকেই বৃষ্টি নামায় সঠিক সময়ে মাঠে গড়ায়নি টস।
কাট-অব টাইম ছিল অবশ্য রাত ৯-৪৬ মিনিট। ম্যাচ অফিসিয়ালরা সে পর্যন্ত অপেক্ষা করেননি। একই সঙ্গে ফাইনালে রিজার্ভ ডে না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট বাইলজ অনুযায়ী, ফাইনালে ফল না পাওয়া গেলে কিংবা পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ফলে, বাংলাদেশ ও আফগানিস্তান ভাগাভাগি করে নিয়েছে ট্রফি।
জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে লজ্জার হারের স্বাদ পেতে হয় টাইগারদের। ২৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ। অর্থাৎ লিগে প্রথম পর্বে একটি করে ম্যাচে জয় ও হারের স্বাদ নেয় সাকিবের দল।
ফিরতি পর্বে আবারও জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। ফাইনালের আগে ফিরতি পর্বেও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে সাকিবের ব্যাটে চড়ে দারুণ এক জয় পায় টাইগাররা।
