সিটি নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, স্থিতিশীল পরিবেশ অশান্ত করতে এবং বিরোধী দলের উপর দোষ চাপাতেই সরকারের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।
তবে পুলিশ বলছে, ছাত্রদলের পদবঞ্চিতরাই এ বিস্ফোরণ ঘটিয়েছে। এমন পরিস্থিতিতে পাশের ভবনে চলে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাতকার। আর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবিস্ফোরিত ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায় পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নিক্ষেপ করা ৪টি ককটেলের মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায়। কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।
ককটেল বিস্ফোরণের সময় বিএনপি কার্যালয়ে অবস্থান করছিলেন দলটির মহাসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এমন পরিস্থিতিতে কার্যালয় ছেড়ে যাওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের লোকজন পরিকল্পিত ভাবে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
বিএনপি কার্যালয়ের সামনে এমন থমথমে অবস্থার মধ্যেই পাশের ভাসানী ভবনে চলছিল ঢাকা সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। একই সাথে গুলশান কার্যালয়েও চলে উত্তর সিটিতে কাউন্সিলর পদে আগ্রহীদের সাক্ষাতকার।
বিএনপি জোটের শরিক ও ঐক্যফ্রন্টের সাথে আলোচনার পরই কাউন্সিলর পদে কারা দলীয় সমর্থন পাচ্ছেন তা চুড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছুঁড়ে মারা ৩টি অবিস্ফোরিত ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট।
