আওয়ামী লীগ বহিরাগতদের দিয়ে ত্রাস সৃষ্টি করছেঃ মির্জা ফখরুল

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীতে ক্ষমতাসীনরা বহিরাগতদের দিয়ে ত্রাস সৃষ্টি করছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হাজারো মানুষ দখলদারি সরকারের বিরুদ্ধে তাদের রায় প্রদান করার জন্য যখন বেরিয়ে আসতে শুরু করেছে, তখনই নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী দিয়ে মিথ্যা মামলা, গ্রেফতার করে জনগণের ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্র শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা ধানের শীষের গণজোয়ার দেখে ভীত হয়ে সিটি নির্বাচনে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু ঢাকাবাসীকে বলবো- আসুন বাসযোগ্য ঢাকা গড়তে অন্যায়ের বিরুদ্ধে জবাব দিতে ১ ফেব্রুয়ারি ঘর থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শুরু থেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীরা হাজারো আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি। বরং পুলিশ কর্তৃক বিএনপি নেতাকর্মীদের বেআইনীভাবে গ্রেফতার এবং সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উস্কানিমূলক বক্তব্য নির্বাচনী পরিবেশকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিকে নিয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, এতে প্রমাণিত হয় তারা সিটি নির্বাচনকে নিজেদের নিয়ন্ত্রণে করতে চায়। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তারা সরকারের আদেশে কাজ করছে। অন্যদিকে পুলিশও একতরফাভাবে কাজ করছে। তারা প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও তল্লাশি করছে এবং নেতাকর্মীদের গ্রেফতার করছে। এছাড়া নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। সুতরাং বলব- আওয়ামী লীগ যদি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, নির্বাচন এককভাবে করতে চায়, তাহলে নির্বাচন নির্বাচন খেলার দরকার কী?

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু, মো: মুনির হোসেন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.