সিটি নিউজঃ করোনায় আক্রান্ত জাতীয় সাংসদ সদস্য (চট্টগ্রাম-৬ রাউজান)ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থণা করেছেন।
সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেইজে লিখছেন, ‘বাবা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার করোনার চিকিৎসা শুরু হতে যাচ্ছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। করোনা ভয়াবহ কোন রোগ না হলেও বাবার হার্টে ব্লক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চমাত্রায় কোলেস্টেরল থাকায় এবং বয়সের কারণে একটু দুশ্চিন্তা হচ্ছে। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন ইচ্ছা করলে নিশ্চয়ই আমার বাবার তেমন কিছু হবে না এবং তিনি আবারো আমাদের সকলের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইন শা আল্লাহ।’
এর আগে সর্দি-জ্বর থাকায় সোমবার (১৭ আগস্ট) সকালে নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি শহরের বাসায় আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন।
