দিল্লিতে প্রণবের শেষকৃত্য, গান স্যালুট-শ্রদ্ধায় বিদায় প্রাক্তন রাষ্ট্রপতিকে

0

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। দিল্লির লোদী রোডে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হল দেশের ১৩তম রাষ্ট্রপতিকে। অবসান হল পাঁচ দশক দিল্লিতে দাপিয়ে বেড়ানো এক বর্ণময় বাঙালি রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় যুগের।

চিকিৎসাধীন থাকাকালীন প্রণবের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল। তাই দিল্লির রাজাজি রোডের বাড়ি থেকে শুরু করে লোদী রোড মহাশ্মশান, সর্বত্রই কোভিড প্রোটোকল মেনে শেষকৃত্য করা হয়। পিপিই কিট পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। পরিবারের অন্য সদস্যরাও সবাই পিপিই কিট পরে শামিল হয়েছিলেন শেষকৃত্যে। এ ছাড়া কোভিড প্রোটোকল মেনে শ্মশানেও লোকসংখ্যা সীমিত রাখা হয়েছিল।

প্রণবের মৃত্যুতে সরকার দেশজুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত শোক পালিত হবে। এই সময়ে দেশের সব ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

সাবেক রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইড়ু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভা স্পিকার ওম বিরলা, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তিন বাহিনীর প্রধানরাও শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

ভারতের ১৩তম প্রেসিডেন্ট প্রণব গত বছর আগস্টে সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্নে ভূষিত হয়েছিলেন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গত ৫ অগাস্ট দিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে পড়ে যান সাবেক রাষ্ট্রপতি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁর অবস্থার অবনতি হয়। দু’দিনের মধ্যে কোমায় চলে যান তিনি। ২২ দিন মরিয়া লড়াইয়ের পর তাঁর দেহ সাড়া দেওয়া বন্ধ করে সোমবার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.