কমিউনিটি সেন্টারে গান এবং ড্যান্স
সরকারি নির্দেশনা অমান্য করে রেল প্রকৌশলী স্ত্রীর জন্মদিনে জমকালো অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম : সরকারি নির্দেশনায় স্কুল-কলেজ এবং কমিউনিটি সেন্টার গুলো বন্ধ। তবে তা কতটুকু মানা হচ্ছে। করোনাকালীন সময়ে কমিউনিটি সেন্টারে সব ধরনের অনুষ্ঠান গত সাড়ে ৬ মাস ধরে প্রশাসন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করলেও রেলওয়ে পূর্বাঞ্চলের এক প্রকৌশলী জমকালো আয়োজনে স্ত্রীর জন্মদিন পালন করলেন কমিউনিটি সেন্টারে। জম্পেশ খাওয়া-দাওয়ার পাশাপাশি ছিল গান এবং ড্যান্সের আয়োজনও।অনুষ্ঠানে কারো মুখে ছিলনা মাস্ক,আবার যারা জানেন তাদের মধ্যে ছিলো সচেতনতার অভাব।
রেলওয়ে পূর্বাঞ্চলের সিজিপিওয়াই এলাকায় কর্মরত সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (পথ) সরওয়ার আলম এই অনুষ্ঠানের আয়োজন করেন।
গত ৩ অক্টোবর ডিটি রোডস্থ নুর কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনাকালীন সময়ে কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে রেলওয়ের প্রকৌশলীর স্ত্রীর জন্মদিন পালনের খবরটি ঐদিন রাতেই চারিদিকে জানাজানি হয়ে গেলে রেলওয়ে পূর্বাঞ্চলে রীতিমত তোলপাড় শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত রেলওয়ের এক কর্মকর্তা জানান, অনুষ্ঠানে প্রায় শতাধিক লোকজনের আয়োজন করা হয়েছে। এই ব্যাপারে প্রকৌশলী সরওয়ার আলম জানান, জন্মদিনটা আমার না। আমার ফ্যামিলির অনুষ্ঠান। আমার ওয়াইফের বার্থ ডে ছিল।
করোনাকালীন সময়ে তো বাইরে কমিউনিটি সেন্টারে সব ধরনের প্রোগ্রাম প্রশাসন এখনো বন্ধ রেখেছে-তাহলে কমিউনিটি সেন্টারে কিভাবে অনুষ্ঠান করলেন জানতে চাইলে প্রকৌশলী সরওয়ার আলম সিটি নিউজকে জানান, পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয় তবে বেশি লোকজন ছিলনা। সব মোট ৩০জনের মতো হবে। আর বাচ্চারাসহ মিলে কিছু বেশি হবে হয়তো। আর এখনতো সবকিছু খুলে দেয়া হযেছে।
অনুষ্ঠানে উপস্থিত একজন এই প্রতিবেদককে জানান, অনুষ্ঠানে আইডাব্লিউ কামরুল, পিডাব্লিউআই সাইফুল, আরএনবির সিআই আমান উল্লাহ, আরএনবির সিআই রেজওয়ান, শ্রমিক নেতা রিয়াজসহ রেলের অনেক কর্মকর্তা ও কর্মচারী এবং শ্রমিক লীগের নেতাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,করোনা মহামারীর ভয়াবহতা রোধে সরকার ২৫ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষনা করেছিল। ধাপে ধাপে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয় করোনা সংক্রমন রোধের জন্য। পরবর্তীতে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে আসলে সরকার সাধারণ ছুটি তুলে দিয়ে প্রথম ধাপে সীমিত আকারে অফিস-আদালত খুলে দেয়। পরবর্তীতে পুরোদমে অফিস-আদালত খোলা হয়। কিন্তু এখনো কমিউনিটি হল এবং স্কুল-কলেজ খোলা হয়নি।
সরকারি পরিপূর্ণ নির্দেশনা না আসা পর্যন্ত স্কুল-কলেজ এবং কমিউনিটি সেন্টার গুলো বন্ধ থাকবে বলে জানা গেছে।এরই মাঝে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশলী সরওয়ার আলম কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে স্ত্রীর জন্মদিন পালন করে সরকারি নির্দেশনা অমান্য করেছেন।
জি.এস / সিটি নিউজ
