আদালত প্রাঙ্গণে ঘটনাটি খুবই ন্যাক্কারজনক

ছাত্রলীগের সুদীপ্ত হত্যা মামলার দু’পক্ষ আদালতে মারামারি!

0

আদালত প্রতিবেদক, সিটি নিউজ :  চট্টগ্রামে আদালতে নগর ছাত্রলীগের সহদপ্তর সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় হাজিরা দিতে আসা কয়েকজন আসামির উপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্লোগান দিতে দিতে দু’পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন।

নতুন আদালত ভবনের দ্বিতীয় তলায় সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের কক্ষের সামনে দাঁড়িয়ে ছিল তারা। হঠাৎ করেই তাদের ওপর হামলা চালায় ৫০ জনের একটি দল। এ সময় আহত হয় মুক্তার, জাহেদ ও আরিফ নামে তিনজন। আদালত ভবনে এমন হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ২০১৭ সালের ৬ অক্টোবর, বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা।

সুদীপ্ত হত্যা মামলার আসামী মোক্তারের আইনজীবী শাহেদুল আজম জানান, সোমবার সকালে মোক্তার সহ ১০ জন আসামি আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে বের হওয়ার সময় আদালত কক্ষের সামনেই প্রথমে ২৫-৩০ জন মিলে মোক্তারকে টানাহেঁচড়া শুরু করে। হাজিরা দেওয়া কয়েকজন আসামিসহ মোক্তারের কয়েকজন বন্ধু তাকে ছাড়ানোর চেষ্টা করেন। এসময় তাকে কিল-ঘুষি মারতে থাকেন হামলাকারীরা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, আদালত প্রাঙ্গণে যে ঘটনাটি ঘটে গেল, এটি খুবই ন্যাক্কারজনক। আদালতে যদি নিরাপত্তা না থাকে, তাহলে সেটা উদ্বেগের। আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.