সিটিনিউজবিডি : নগরীর সদরঘাট এলাকায় হোটেল ডিলাইট থেকে এক হাজার পিস ইয়াবাসহ টেকনাফের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের একটি টিম তাদের গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দু’জন হল, টেকনাফের হোয়াইক্যং গ্রামের বাসিন্দা মো.ইদ্রিস মিয়া (২৫) এবং জকিরুল ইসলাম (১৮)।
এদের মধ্যে ইদ্রিসের কাছ থেকে ৮০০ পিস এবং জকিরুলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, দু’জন টেকনাফ থেকে ইয়াবাগুলো বিক্রির জন্য নগরীতে এসেছিল। ক্রেতার অপেক্ষায় ডিলাইট হোটেলে বসে চা-নাস্তা খাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা গিয়ে তাদের আটক করেছি।
ইদ্রিস এবং জকিরুলের বিরুদ্ধে পরিদর্শক তপন কান্তি শর্মা বাদি হয়ে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
