বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ শুরু

0

 সিটি নিউজঃ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ শুরু হয়েছে। আনোয়ারা প্রান্ত থেকে টানেলের এ কাজ শুরু হয়।

আজ শনিবার (১২ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণকাজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম শহর চীনের সাংহাই নদীর মতো ওয়ান সিটি অ্যান্ড টু টাউন মডেল গড়ে উঠবে। এ টানেলের মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। দ্বিতীয় টিউবের খনন কাজ শতকরা ৬১ ভাগ শেষ হয়েছে।

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৩ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘ্যের মূল টানেল ছাড়াও পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং আনোয়ারা প্রান্তে ৭২৭ মিটার একটি ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পে।

চট্টগ্রাম প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে ১২ মিটার ব্যাসের একটি টিউব স্থাপনের কাজ শেষ করার পাশাপাশি টানেলের দুই পাশের সংযোগ সড়কের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

সেতুমন্ত্রী আরো বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এ টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল। মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত আরেকটি মেরিন ডাউন নির্মাণের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সড়ক ও জনপথের সঙ্গে চুক্তি সই হয়েছে। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক চার লেনের উন্নীতকরণ প্রকল্প সরকারের অগ্রাধিকার তালিকাভুক্ত রয়েছে। গণপরিবহনের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম এবং এর আশপাশের এলাকা নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিবহন মাস্টারপ্লান করার উদ্যোগও নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পাশাপাশি চট্টগ্রামে মেট্রোরেল স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

এসময় অনলাইনে আরও যুক্ত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক হারুন উর রশিদসহ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.