সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।এবারের নির্বাচনে ৪১টি ওয়ার্ডে মোট ৭৩৫টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি বুথে ইভিএম’র মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোটের মধ্য দিয়ে ১৯ লাখ ভোটার আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন করবেন চট্টগ্রামের নতুন ‘মেয়র’। দলীয় প্রতীকে প্রথমবারের মতো এই সিটি করপোরেশন নির্বাচন শীতের সকালে অন্যরকম উত্তাপ নিয়ে হাজির হয়েছে চট্টগ্রামে।
এদিকে গণনা শেষে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে নির্বাচন কমিশনের স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।
গত বছরের ২৯ মার্চ চসিকের এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে সেই নির্বাচন ১০ মাস পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজ। প্রথমবারের মতো পুরোপুরি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হচ্ছে এই নির্বাচনে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছি। চট্টগ্রাম নগরীকে নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে, যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সুযোগ না থাকে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারেন সেটি আমরা নিশ্চিত করেছি। আশা করছি উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা কেউ ঘটাতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে ভোট হবে। কেউ শান্তিভঙ্গ করতে চাইলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’

ছবিতে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।
সিটি নিউজ / জি এস
