আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন। সেইসাথে তাদের ক্ষমতা ছাড়ার জন্য চাপ দিতে সম্মিলিত আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে বাইডেন প্রশাসন জানায়, গ্রহণযোগ্য নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সামরিক বাহিনী যেন জনগণের অধিকারকে খর্ব করার চেষ্টা না করে। সেনাবাহিনীর কখনোই জনগণের ইচ্ছা বা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ফলাফলকে বাতিল করার চেষ্টা বা মুছে দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত নয়। গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গত কয়েক বছরে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র।
জো বাইডেনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের বলেন, অভ্যুত্থানটি মিয়ানমারের গণতান্ত্রিক রূপান্তর ও আইনের শাসনের ওপর সরাসরি আক্রমণ। এ ঘটনায় অন্যান্য দেশ কীভাবে সাড়া দিচ্ছে, তার ওপর মার্কিন প্রশাসন নজর রাখবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, গত এক দশকে গণতন্ত্রের পথে অগ্রগতির ভিত্তিতে মিয়ানমারের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই অগ্রগতি উল্টে দেওয়ায় আমাদের নিষেধাজ্ঞা আইন ও অনুমোদনগুলোর আশু পর্যালোচনা প্রয়োজন।
গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনার জন্য এবং বার্মার গণতান্ত্রিক রূপান্তর থামিয়ে দেওয়ার জন্য দায়ীদের জবাবদিহিতার মুখোমুখি করতে ওই অঞ্চল ও বিশ্বজুড়ে আমাদের মিত্রদের সঙ্গে কাজ করবো আমরা।
ওই নিষেধাজ্ঞা আবারো বহাল করা হতে পারে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতিতে বলেন, গণতন্ত্র ব্যাহত হলে তা রক্ষায় এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
জো বাইডেন বলেছেন, নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বাইডেন সতর্ক করে বলেছেন, বিশ্বে যেখানেই গণতন্ত্র আক্রমণের শিকার হবে, সেখানেই তার (গণতন্ত্র) পক্ষে দাঁড়াবে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড।
এর আগে গত সোমবার মিয়ানমার সেনাবাহিনীর হাতে আটক হলেন অং সান সুচি। অধিবেশন শুরুর দিনই দেশটিতে নতুন রূপ নিল বেসামরিক সরকার ও সেনাবাহিনীর বিরোধ।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদসহ আটক হয়েছেন দলের শীর্ষ নেতারাও। রাজধানী নেপিদোসহ গুরুত্বপূর্ণ শহরে সেনা মোতায়েন করা হয়েছে। নেপিদোতে বন্ধ রয়েছে টেলিফোন ও ইন্টারনেট সেবা।
দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি।
শুক্রবার মিয়ানমারে সেনা অভ্যুত্থানের শঙ্কা প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্ব। তবে মিয়ানমারে অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেয় দেশটির সেনাবাহিনী। কিন্তু এরপরই নেয়া হলো এমন পদক্ষেপ।
