মার্শাল ল’ থেকে জন্ম নেয়া বিএনপি গণতন্ত্রের সবক দিচ্ছেঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্শাল ল’ থেকে জন্ম নেয়া বিএনপি এখন গণতন্ত্রের সবক দিচ্ছে। ‘গত ৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে আওয়ামী লীগ ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে’— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।

মঙ্গলবার (১৬ মার্চ) ওবায়দুল কাদের সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যা, ২১ আগস্টের রক্তাক্ত হত্যাকাণ্ডে বিএনপিই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারক-বাহক। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করছিল তারা, তা এখনও বজায় রেখেছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চান সেতুমন্ত্রী। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মহেন্দ্রক্ষণে নগরবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগ নেতাকর্মীদের দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাশাপাশি সহযোগী সংগঠনসমূহ সরকারি ও দলের মূল কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.