বন্দরনগরীতে ঢিলেঢালা হরতাল

0

চট্রগ্রাম অফিস: লেখক-প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের দেশব্যাপী অর্ধদিবস হরতালে পুরোপুরি স্বাভাবিক বন্দরনগরী চট্টগ্রাম। এখন পর্যন্ত কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কিছু কিছু দুরপাল্লার গাড়ি ছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী, দক্ষিণাঞ্চলের বহদ্দারহাট বাস টার্মিনাল ও উত্তরাঞ্চলের অক্সিজেন বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক আছে। ট্রেন চলাচলও স্বাভাবিক। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম।

মঙ্গলবার সকালে সরজমিনে নগরীর নিউমার্কেট, দেওয়ানহাট, টাইগার পাশ, ওয়াসা মোড়, জিইসি মোড়, দুই নম্বর গেইট, মুরাদপুর, আন্দরকিল্লা, বহদ্দারহাট, অক্সিজেন এলাকা ঘুরে হরতালের সমর্থনে কোনো ধরনের পিকেটিং বা মিছিল দেখা যায়নি।

তবে সকাল ৭টার দিকে নগরীর কিছু পয়েন্টে গণজাগরণ মঞ্চের কর্মীরা পথসভা করেছে বলে জানা গেছে। এ বিষয়ে জানার জন্য জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক শিমুল বৈষ্ণবের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আরিফ বলেন, ‘আজকের হরতাল গণজাগরণ মঞ্চের। এখানে রাজনৈতিক কোনো সংগঠনের সম্পৃক্ততা নেই। তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না।’

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষায় আগত শিক্ষার্থীদের পরিবহনে মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট ও অক্সিজেন এলাকায় দীর্ঘ যানজট লক্ষ করা গেছে।

তবে সোমবার সন্ধ্যায় আজকের হরতালের সমর্থনে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে একটি মশাল মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। মিছিলে গণজাগরণ মঞ্চের সংগঠক, শিক্ষক, ছাত্রনেতা ও পেশাজীবীরা অংশ নেন। নগরীর আন্দরকিল্লা মোড় ও শহীদ মিনার হয়ে নিউ মার্কেট চত্বরে এসে মিছিলটি শেষ হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.