নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে মৃত্যুদন্ড প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ।
আজ রোববার সকাল সোয়া ১০ টার দিকে তাকে গ্রেফতার করে র্যাব-৭ এর একটি দল। গ্রেফতার ব্যক্তির নাম আশরাফ হোসেন প্রকাশ আশরাফ আহমেদ ( ৪২ ), তার বাড়ি ফটিকফড়ি উপজেলায়।
দীর্ঘদিন কাতারে পলাতক থাকার পর বিমান বন্দরে নামার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওমান থেকে প্রথমে ঢাকা বিমান বন্দরে আসেন । পরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এসে নামেন।
২০০৪ সালের ২ এপ্রিল ফটিকছড়ির কারবালা টিলা এলাকায় গোল্ডেন ইনসিউরেন্স কোম্পানির সিনিয়র অফিসার নূর খালেক মাস্টার খুন হন । ওই মামলার প্রধান আসামি ছিলেন আশরাফ। গত বছরের ২ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্লাহ আসামি আশরাফ হোসেনকে মৃত্যুদন্ডের আদেশ দেন।
র্যাব-৭ এর স্কোয়াড্রন লীডার এস কে ফাহিম জানান, ঘটনার পর আশরাফ নাম ঠিকানা পরিবর্তন করে কাতার পালিয়ে যায়। সে দেশে আসছে বলে গোপনে খবর পেয়ে শাহ আমানত বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়।
মামলার তদন্ত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আশরাফ হোসেন ও হত্যার শিকার নূও খালেক একই অফিসে কাজ করতেন। দুর্নীতির দায়ে আশরাফকে চাকরিচ্যুত করা হয়েছিল। এর বদলা নিতে আশরাফ হত্যা করেন নূর খালেককে।
