নিজস্ব প্রতিবেদক : ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম ছাড়া মেহনতী মানুষ মালিকদের কাছ থেকে দাবি আদায় করতে পারেনি। তাই দলমত নির্বিশেষে অধিকার আদায়ের জন্য শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতা আহসান উল্লাহ চৌধুরী।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত শ্রমিক সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার নবম সম্মেলনে উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
শ্রমিক নেতা আহসান উল্লাহ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম ছাড়া মেহনতী মানুষ মালিকদের অনিচ্ছুক হাত থেকে কোন দাবি দাওয়া আদায় করতে পারেনি। তাই দলমত নির্বিশেষে অধিকার আদায়ের জন্য শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হবে।
প্রধান অতিথির বক্তব্যে টি ইউ সি’র সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বলেন, শ্রমিকশ্রেণী অত্যন্ত কম মজুরীতে কাজ করতে হচ্ছে। সস্তা শ্রম, শোষণ, জনগনের টাকা লুঠ, ব্যাংকের ঋণ খেলাপী হয়ে কয়েক হাজার কোটিপতি সৃষ্টি হয়েছে। এরা শ্রম আইন শ্রম বিধিও মানতে চায়না।
সভাপতির বক্তব্যে তপন দত্ত বলেন, ঠিকাদারী প্রথায় শ্রমিক নিয়োগের আইন প্রণয়ন করে শ্রমিকদের দীর্ঘদিনের অর্জিত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
