চট্রগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় জেনুইন ক্যান্সার হাসপাতালের বহি:বিভাগ উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আব্দুস সালাম।
শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে হাসপাতালের বহি:বিভাগ উদ্বোধন করেন তিনি।
হাসপাতালে বহি:বিভাগ উদ্বোধন শেষে বিচারপতি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, চিকিৎসা সেবা একটি মহৎ কাজ। জেনুইন ক্যান্সার হাসপাতাল ক্যান্সার রোগিদের সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবে।
তিনি আরো বলেন, জেনুইন ক্যান্সার হাসপাতাল দরিদ্র অসহায় ক্যান্সার রোগিদের বিনা খরচে চিকিৎসা প্রদানে ভাল ও দক্ষ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা চালিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে জেনুইন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম এ তাহের জামান বলেন, আমার বাবা ক্যান্সার চিকিৎসার অভাবে ১৯৭৯ সালে মারা গেছে আমি এই রকম আর কারো মৃত্যু দেখতে চাইনা। এই হাসপাতালটি সবার জন্য দান করে দিলাম কেউ চাইলে একা বিক্রি করতে পারবেনা। এ হাসপাতালের এক থেকে ৪ তলা পর্যন্ত হাসপাতাল হিসেবে থাকবে আর তলাগুলো ডেভলপারদের দিয়ে দেয়া হবে।
এ অনুষ্ঠানে সোহেল ফখরুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেপালের পার্লামেন্ট সংসদ সদস্য নজিব মিয়া, বায়েজিদ ২ নম্বর ওর্য়াড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, পেনিনসোলা হোটেলে ব্যবস্থাপনা পরিচালক তারেক আবছার, লে. কর্ণেল রফিকুর রহমান ও বসুধা বির্ল্ডাসের উপদেষ্টা মাহবুবল আলম প্রমুখ।
