নিজস্ব প্রতিবেদক : মৎস্য শিকারী জাহাজ শ্রমিকদের সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান, সী-এলাউন্স, কেচিং বোনাস, ফুড এলাউন্স, লোডিং-আনলোডিং ভাতা বৃদ্ধি, শ্রম আইন বাস্তবায়নসহ ১৫ দফা দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি পালন করবে নৌযান শ্রমিকরা।
মঙ্গলবার বিকেলে নৌমন্ত্রণালয়ে এ বিষয়ে নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক রয়েছে। বৈঠকে দাবি আদায়ের আশ্বাস পাওয়া গেলে ধর্মঘট প্রত্যাহার হতে পারে।
বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম বলেন, মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি পালন শুরু হবে। আমাদের লাগাতার ধর্মঘট চলবে। বিকেলে নৌমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। বৈঠকে আমাদের দাবি আদায়ের বিষয়টি নিশ্চিত হলে কর্মবিরতি প্রত্যাহার হবে। অন্যথায় শ্রমিকরা কাজে যোগ দেবে না। ‘এর আগেও আমাদের সঙ্গে বৈঠক হয়েছিল। কিন্তু দাবি আদায়ের আশ্বাস দিতে না পারায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করিনি।’
তিনি আরো বলেন, ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফলে সরকার গত বছরের ২৬ এপ্রিল মৎস্য শিকারী জাহাজ শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু এখনও পর্যন্ত মালিকরা শ্রমিকদেরকে নিম্নতম মজুরি দিচ্ছে না।
