সিটিনিউজবিডি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে দেওয়া হবে না ক্যাপ; আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমাবর্তনে অংশ নিতে আবেদন করা শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তন হতে যাচ্ছে রোববার, যাতে ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এবং ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমএস, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও সাধারণ ডিগ্রিধারীদের সনদ ও চ্যান্সেলর পদক দেওয়া হবে।
এবার সমাবর্তনে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন সাত হাজার ৪৯০ জন, যা অতীতের তিনটি সমাবর্তনের চেয়ে কয়েকগুন বেশি।
এতে চ্যান্সেলর পদক পাবেন নয়জন; আর ২৫ জন পিএইচডি ও ১৩ জন এমফিল ডিগ্রি নেবেন। এছাড়া অন্যরা সাধারণ গ্র্যাজুয়েট।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ, উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন ও বিভিন্ন অনুষদের ডিনরা গাউনের সঙ্গে ক্যাপ পড়ে সমাবর্তনে অংশ নেবেন।
এদিকে সমাবর্তনে অংশ নিতে আবেদন করা গ্র্যাজুয়েটদের গাউন বিতরণ শুরু হয়েছে বুধবার থেকে, যা সমাবর্তনের দিন সকাল পর্যন্ত সংগ্রহ করা যাবে। তবে গাউনের সঙ্গে আবেদনকারীদের দেওয়া হচ্ছে না ‘সমাবর্তন ক্যাপ’।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাপ না দেওয়ায় সমাবর্তন নিতে যাওয়াদের মধ্যে ক্ষোভ থাকলেও কর্তৃপক্ষের দাবি দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে সাধারণ গ্র্যাজুয়েটদের ‘সমাবর্তন ক্যাপ’ দেওয়া হয় না।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বলেন, “বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ক্যাপ দেওয়া হলেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন ক্যাপ দেওয়া হয় না।”
এর আগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি সমাবর্তনে ক্যাপ দেওয়া হয়নি বলে তিনি জানান।
সমাবর্তনে অংশ নিতে আবেদন করা এক শিক্ষার্থী বলেন, “ক্যাপ ছাড়া গাউন পড়া! সমাবর্তন পোশাকের পূর্ণাঙ্গতা পাওয়া যায়না।
